ব্রাহ্মবাড়িয়ায় বালু বোঝাই ট্রলার-যাত্রীবাহী ট্রলার সংঘর্ষে ২১ জন নিহত, নিখোঁজ অর্ধশতাধিক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালু বোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৯ জন নারী ও শিশুসহ ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইস্কা বিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছেন। এ ঘটনায় আহতদের মধ্যে ৮ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন, আইয়ূব মিয়া-(৪০), ইব্রাহিম-(১২), আহমদউল্লাহ-(১৩), মুরাদ মিয়া-(৩৫), তানজির-(১০) ও ফারুক মিয়া-(৪৫)। খবর পেয়ে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ও পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আহতদের দেখতে গেছেন। সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আঁখি আখতার নামের এক যাত্রী জানান, তিনি তার স্বামী মুরাদ মিয়া, দুই ছেলে, শ্বাশুড়ি, ভাসুরের তিন ছেলে সহ বিজয়নগরের চম্পকনগর ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ বাজার ঘাটে যাওয়ার জন্য নৌকায় উঠেন। নৌকায় প্রায় শতাধিক যাত্রী ছিলো। নৌকাটি পথিমধ্যে লইস্কা বিলে এসে বালু বোঝাই একটি ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। তিনি তার স্বামী ও একটি শিশু পুত্রকে নিয়ে সাতরে বিলের উঠে আসতে পারলেও তার আরেক ছেলে, শ্বাশুড়ি ও ভাসুরের তিন ছেলে নিখোঁজ রয়েছেন। হাসপাতালে আহত মুরাদ মিয়া বলেন, হঠাৎ ট্রলারের সাথে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়। তারপর অনেক কষ্টে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সাতরে উপরে উঠেছি। আমার ১ ছেলে, মা ও তিন ভাতিজা এখনও নিখোঁজ রয়েছে। নৌকায় থাকা যাত্রী মোহাম্মদ রাফি বলেন, আমি নৌকার ছাদে বসে ছিলাম। বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে বিকাল সাড়ে ৪টায় নৌকাটি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আনন্দ বাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। নৌকাটি লইস্কার বিলে আসলে বালু বোঝাই একটি ট্রলারের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। আমি ঝাঁপ দিয়ে পানিতে পড়ে সাতরে উপরে উঠি। রাফি আরও বলেন, নৌকার নিচে ও উপরের শতাধিকের মতো যাত্রী ছিলো। এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে আছি। এ পর্যন্ত ৯ নারী ও শিশুসহ ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো নৌকাটি উদ্ধার করা যায়নি। তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। (সি/স-২৮ আগস্ট-তা/ই) SHARES দূর্ঘটনা বিষয়: