ছাতকে ছেলের খুনির হাতে এবার পিতা খুন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সুনামগঞ্জের ছাতকে ছেলে বেলাল উদ্দিন হত্যার ৬ বছরের মাথায় প্রতিপক্ষের হামলায় আহত বাবা বাতির আলীর (৬০) চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। ৪দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে বাতির আলীর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে সিলেটে নিহত বাতির আলীর ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, বনগাঁও গ্রামের বেলাল উদ্দিনকে হত্যার পর বাবা বাতির আলীকে হত্যার ঘটনায় গ্রামে এখন চাঁপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের বাতির আলীর সাথে একই গ্রামের একটি পক্ষের সাথে জমি-জমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো। গত সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর স্থানীয় গ্রামের বাজার থেকে বাতির আলী বাড়ী ফেরার পথে গ্রামের রাস্তায় প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তার উপর হামলা করে রাস্তায় ফেলে যায়। ওই হামলায় গুরুতর আহত বাতির আলীকে স্থানীয় লোকজনের সহায়তায় প্রথমে উপজেলা সদর হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় নিহত বাতির আলীর বড় ছেলে কাচাঁ মিয়া বলেন, প্রতিপক্ষের লোকজন ২০১৫ সালে ২১ নভেম্বর আমার ছোট ভাই বেলাল উদ্দিনকে হত্যা করেছিলো। ওই মামলার আসামী পক্ষের সাথে আপোষ নিস্পত্তি না কারায় বিভিন্ন সময়ে নানা হুমকি-ধামকির পর ওরা আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করেছে। থানার ওসি শেখ মো.নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। এ ঘটনার বিষয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। (সি/স-১৬ অক্টোবর-তা/ই) SHARES অপরাধ বিষয়: