ওসমানীনগর চাতলপাড়ের কথিত ডাক্তার নিরঞ্জন আটক Desk Desk News প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১ সিলকো ডেস্ক:- সিলেটের ওসমানীনগর উপজেলার কথিত ডাক্তার নিরঞ্জন ধর (সূত্রধর) কে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নামা গাভুরটিকি এলাকা থেকে এসআই মিল্টন দাশের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা যায়, শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট তাহমিনা আক্তারের নেতৃত্বে সাদিপুর ইউনিয়নের চাতলপাড় বাজারে ডা. নিরঞ্জন কুমার ধরের মালিকানাধীন নবীন ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় তার প্রতিষ্ঠানে বেশ কয়েক হাজার টাকার সরকারি ওষুধ, একাধিক ব্যবহৃত ইনজেকশানের সিরিঞ্জ এবং ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের নকল সীল পাওয়া যায়। আদালতের সামনে নিরঞ্জন ধর নিজের ডাক্তারি পরিক্ষার সনদ ও ক্লিনিকের লাইসেন্স দেখাতেও ব্যর্থ হন। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক তাকে ৫ হাজার টাকা জরিমানা ও ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের সীলের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে ওসমানীনগর থানার ওসিকে নির্দেশ দেন। কথিত ডাক্তার নিরঞ্জন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য। সেই সুবাদে সে কথিত ডাক্তারির পাশাপাশি নিজেকে থানা পুলিশের এজেন্ট হিসেবে দাবী করত। আর এলাকার কোন মানুষ মামলা মোকদ্দমায় পরলেই শুরু হতো কথিত ডাক্তার নিরঞ্জনের বেপরোয়া দালালি। নিরঞ্জনের কবল থেকে রক্ষা পায়নি গাভুরটিকি পাচঁ পীরের মাজার। সে নিজেকে খাদেম দাবী করে ওই মাজারের অনেক গাছগাছালি প্রকাশ্য বিক্রি করেছে। তাতেও থামেনি সে, মাজারের প্রকৃত খাদেমের উপর হামলা করে কথিত ডাক্তার নিরঞ্জনসহ একটি সন্ত্রাসী চক্র। পরে খাদেম বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করে কোন লাভ হয়নি। কথিত নিরঞ্জন তার পেশী শক্তির বলে সেই মামলাও খেয়ে ফেলেছিল বলে একাধিক সুত্র তা নিশ্চিত করেছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক আটকের সত্যতা স্বীকার করে বলেন, ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের নকল সীল তৈরিসহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার নিরঞ্জন ধরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। (সি/স-০৪ জুলাই-তা/ই) SHARES অপরাধ বিষয়: