সুনামগঞ্জে অজ্ঞাত আসামি হিসেবে দুই আইনজীবি গ্রেফতার

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

ডেস্ক রিপোর্ট:সুনামগঞ্জে দুই আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু এবং আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সঞ্জয় সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি পুরোনো মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, মনিষ কান্তি দে মিন্টু সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা। তিনি সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা। অপরদিকে অ্যাডভোকেট শামীম আহমদও সাবেক ছাত্রলীগ নেতা এবং তার বাড়ি শহরতলীর মঙ্গলকাটা এলাকায়।

এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট এলাকায় আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে তারা অংশ নেন। কর্মসূচিতে মিছিল শেষে আদালত চত্বরে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের পাশাপাশি ওই দুইজনও উপস্থিত ছিলেন।