ধলাই নদীতে বালু উত্তোলনকালে ৭০ বারকী নৌকা ধ্বংস, ২ জন আটক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬ সংবাদ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বালু পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকী নৌকা জব্দ ও ভেঙে ফেলা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালাইরাগ এলাকার ধলাই নদীর পূর্ব পাড় ও বালুচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে বিজিবি ও কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক জাহিদুর হাসান বিজয়সহ পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে অ/বৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত ৭০টি বারকী নৌকা জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর ব্যক্তির বয়স বিবেচনায় তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার বলেন, ধলাই নদীর ইজারা বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বারকী নৌকা ব্যবহার কিংবা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: