প্রাদেশিক সরকার চায় জাতীয় পার্টি Desk Desk News প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১ গণমানুষের কল্যাণে দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়নের কথা বলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, শোষণের জন্য তৈরি ব্রিটিশদের প্রশাসনিক কাঠামো ভেঙে গণমানুষের জন্য সেবাধর্মী নানা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।ব্রিটিশরা শাসন করতে প্রশাসক নিয়োগ করেছিল। শোষণের জন্য রাজা-বাদশারাও শাসক নিয়োগ করেছে।কিন্তু পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ চেয়েছিলেন, গণমানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই শাসনের বিপরীতে কল্যাণময় সেবা চালু করতে। তাই বর্তমান বাস্তবতায় পল্লীবন্ধুর স্বপ্নের প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। জিএম কাদের বলেন, নতুন নতুন প্রশাসনিক বিভাগ তৈরি হচ্ছে। তা উপনিবেশিক শাসন পদ্ধতিতেই প্রশাসক নিয়োগের মাধ্যমে কাজ করছে। কিন্তু প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই পরিচালিত হবে সব কর্মকাণ্ড। প্রাদেশিক পর্যায়ে জনপ্রতিনিধিদের সরকার প্রতিষ্ঠিত হলে দুর্নীতি কমে যাবে। গণমানুষের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত হবে। গণমানুষের কল্যাণেই প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, প্রাদেশিক ব্যবস্থায় রাষ্ট্রক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে। এতে কেন্দ্রীয় সরকারের ওপর থেকে চাপ কমে যাবে। সভাপতির বক্তব্যে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভাপতি ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন, গণমানুষের কল্যাণেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রাদেশিক সরকার ব্যবস্থার বিকল্প নেই। তিনি আরও বলেন, দেশের মানুষের মাঝে পল্লীবন্ধুর কল্যাণময় কর্মকাণ্ডের কথাগুলো ছড়িয়ে দিতে হবে। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আমরা মানুষের স্বপ্ন নিয়ে কাজ করব। মানুষের স্বপ্ন বাস্তবায়ন করাই হচ্ছে জাতীয় পার্টির রাজনীতি। আগামী নির্বাচনের আগে জাতীয় পার্টি মানুষের স্বপ্ন পূরণের রুপরেখা প্রকাশ করবে। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- প্রেসিডিয়াম সদস্য ও প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য ও প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সম্মানিত সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি। (সি/স-২৬ অক্টোবর-তা/ই) SHARES সারাদেশ বিষয়: