ধর্মপাশা সরকারি কলেজে ভর্তি বানিজ্য,তদন্ত কমিটি গঠন

Desk Desk

News

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের ধর্মপাশা সরকারি কলেজে চলতি বছরের এইচএসসির একাদশ শ্রেণিতে ভর্তি বাবদ ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি তদন্ত করতে গত ২১-০৯-২০২০ইং সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.মুনতাসির হাসান এ নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার। ওই তদন্ত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ধর্মপাশা সরকারি কলেজের একাদশ শ্রেনিতে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের অভিযোগ ও কলেজ সূত্রে জানা গেছে, গত ১৩সেপ্টেম্বর থেকে এইচএসির একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, মফস্বলের কলেজগুলোতে ভর্তি বাবদ একহাজার টাকা রাখার কথা। কিন্তু এসব কিছুর তোয়াক্কা না করে ধর্মপাশা সরকারি কলেজের অধ্যক্ষ মো.আবদুল করিমের নির্দেশে ওই কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি কাজে নিয়োজিত থাকা কলেজের ছয়জন শিক্ষক এ বাবদ প্রত্যেক ছাত্র ছাত্রীর কাছ দুই হাজার টাকা করে আদায় করেছেন। পাশাপাশি ভর্তি বাবদ রসিদও কোনো ছাত্রছাত্রীকে দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন, ওই কলেজে ছাত্রছাত্রীদের কাছ থেকে একাদশ শ্রেণিতে ভর্তিবাবদ অতিরিক্ত টাকা রাখা হয়েছে বলে কয়েকজন ছাত্র ছাত্রী আমার কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে। ঘটনাটি তদন্ত করতে আমি একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছি ।কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে । প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(সি/স-২৩ সেপ্টেম্বর-তা/ই)