গোলাপগঞ্জের প্রথম উপজেলা চেয়ারম্যান ফজলুল হক তানু’র ইন্তেকাল

Desk Desk

News

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব ফজলুল হক ইন্তেকাল করেন। রবিবার (১০ জানুয়ারী) রাত ৯ টা ৪০ মিনিটের সময় সিলেট মহানগরীর মধুশহীদস্হ আল রাইয়ান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমের জানাজা আজ ১১ জানুয়ারী সোমবার বাদ জোহর দুপুর ২ টার সময় জল্লারপার জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানু’র বর্নাঢ্য জীবনে দি এইডেড হাইস্কুলের ১৯৫১ খ্রীষ্টাব্দ হতে ১৯৯৯ খ্রীষ্টাব্দ পর্যন্ত শিক্ষকতায় নিযুক্ত ছিলেন। এর মধ্যে তিনি শাহজালাল লাইব্রেরী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন, ৬৪ বছর ধরে প্রতিষ্ঠানটি বিদ্যমান। সাধারণ জনগণের আগ্রহে ১৯৮৪ খ্রীষ্টাব্দ হতে ১৯৮৫ খ্রীষ্টাব্দ পর্যন্ত ১৮ মাস ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৮৫ খ্রীষ্টাব্দে সর্বস্তরের জনসাধারণের অধির আগ্রহে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হোন। লাইব্রেরী বা পুস্তক ব্যবসায়ী হিসাবে আশির দশকে সমগ্র বাংলাদেশে পুস্তক ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কের অটুট বন্ধন গড়ে তোলার লক্ষ্যে সিলেট, ঢাকাসহ দেশের সচেতন পুস্তক ব্যবসায়ী পরিবারের আন্তরিক সদস্যদের নিয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি প্রতিষ্ঠিত করেন এবং সিলেট জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষার সাথে সম্পৃক্ত থাকায় রসময় মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ সিলেট মহানগর কমিটির সভাপতির মাধ্যমে রাজনৈতিক পরিচয়ও জীবনে সংযোগ হয়। জীবনে অনেক মসজিদ, মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

উল্লেখ্য ২০১৪ খ্রীষ্টাব্দের ৬ মে কোমরের হাড় ভেঙ্গে ধারাবাহিকভাবে ৬ বছর ৮ মাস ৫ দিন ধরে শয্যাশায়ী থেকে ১০ জানুয়ারী ২০২১ রবিবার রাত ৯ টা ৪০ মিনিটে সিলেট মহানগরীর মধুশহীদস্হ আল রাইয়ান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

(সি/স-১১ জানুয়ারী-তা/ই)