ডিজিটাল বাংলাদেশ দিবসে কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের হাতে বিজয়পত্র

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

 

ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জে নির্মিত বঙ্গবন্ধু হাইটেক পার্কে নানা আয়োজনে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক মিলনায়তনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে আইসিটি অফিসার মোহাম্মদ নাঈম হাসানের প্রবন্ধ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেটের প্রকল্প পরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হাইটেক পার্কের উপ-প্রকল্প পরিচালক এস এম আল মামুন, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল আলম, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুল হক, উপজেলা নির্বাচন অফিসার জিবুন্নাহার বেগম, পবিস-২ এর ডিজিএম সিরাজুল ইসলাম, সিলকো সংবাদ’র সম্পাদক ও প্রকাশক তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য সোহরাব আহমদ, কবির আহমদ,আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সদস্য লবিব আহমদ, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমান মিজান, তৈমুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম, টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নোমান আহমদ প্রমুখ।

সেমিনার শেষে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে রচনা, চিত্রাংকন ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি অঙ্গন ও আইটি বিজনেস সেন্টারের উদ্বোধন করেন।

(সি/স-১৩ ডিসেম্বর-তা/ই)