ত্রাণ বিতরণে অনিয়মের দায়ে ১ চেয়ারম্যান ও ২ সদস্যকে সাময়িক বরখাস্ত Desk Desk News প্রকাশিত: ৭:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ সিলকো ডেস্ক:-করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়নের পরিষদের একজন চেয়ারম্যান ও দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বরিবার মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আফসারের বিরুদ্ধে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বরাদ্দ ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী কর্তৃক তদন্তে প্রমাণিত হয়েছে। নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. শাহিন শাহ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিম্নআয়ের শ্রমজীবী মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল বিতরণ না করে অন্যত্র বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে গ্রেপ্তার এবং জেলহাজতে পাঠিয়েছে। মন্ত্রণালয় থেকে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. কবির হোসেন করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সরকারের দেয়া ত্রাণ বিতরণ না করে আত্মসাৎ এবং গুজব ছড়ানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উল্লিখিত চেয়ারম্যান ও সদস্যদের অপরাধমূলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান ও সদস্যদের পৃথক পৃথকভাবে কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাবপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে স্ব স্ব জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়। একইসঙ্গে পৃথক পৃথক আদেশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে স্ব স্ব জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়। (সি/স-১৩এপ্রিল-তা/ই) SHARES অপরাধ বিষয়: