বর্ধিত হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১

সিলেট সিটি কর্পোরেশন বর্ধিতকরণ চূড়ান্ত হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (২৬ জুলাই) নিকার সভা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

এর আগে ২০২০ সালের ১০ আগস্ট সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার ৬টি ইউনিয়নের একাংশ নিয়ে সিসিকের আওতাভুক্ত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

২০০২ সালে সিলেট পৌরসভা থেকে সিলেট সিটি কর্পোরেশনে উন্নীত হয়। প্রাথমিকভাবে ২৬.৫ বর্গকিলোমিটার জায়গা নিয়ে যাত্রা শুরু করে সিলেট সিটি কর্পোরেশন।বর্ধিত করা হলে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বেড়ে দাঁড়াবে প্রায় ৫৮ বর্গকিলোমিটার।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। তিনি বলেন, নিকার বৈঠকে সিলেট নিটি কর্পোরেশনের বর্ধিতকরণ প্রস্তাব অনুমোদন হয়েছে। এখন সিসিকে অন্তর্ভুক্ত এলাকাসমূহকে ওয়ার্ডে বিন্যাস করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কাজ শেষে গেজেট প্রকাশ হবে। এরপরই মূলত এটি কার্যকর হবে।

(সি/স-২৬ জুলাই-তা/ই)