উড়ন্ত অস্ট্রেলিয়াকে নিচে নামালো টাইগার বাহিনী শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মাত্র ৬২ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করেছে বাংলাদেশ সফরকারী অস্ট্রেলিয়াকে মাত্র ৬২ রানে অলআউট করে লজ্জায় ডুবালো বাংলাদেশ। এর ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ এ এগিয়ে থেকে নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১২৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৩.৪ ওভার খেলে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ৬২ রান করে অজিরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এর ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শত উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাত্র নয় রান খরচ করে চার উইকেট নেন সাকিব। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন তিনটি, নাসুম আহমেদ দুইটি ও মাহমুদউল্লাহ নিয়েছেন একটি উইকেট। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১২২ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। দলের হয়ে ২৩ বলে সর্বোচ্চ ২৩ রান করেছেন মোহাম্মদ নাঈম। এছাড়া মাহমুদ উল্লাহ করেছেন ১৯ এবং সৌম্য সরকারের ব্যাট থেকে ১৬ রান। পাঁচ ম্যাচ সিরিজে টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক বাংলাদেশ। সিরিজের চতুর্থ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ ঠেকায় অজিরা। এদিকে সিরিজ শেষ হওয়ায় আজই দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে সফরকারী অস্ট্রেলিয়ার। আজ রাত একটার দিকে তাদের ফ্লাইট। করোনার কারণে মাত্র সাত দিনের ব্যবধানে সিরিজের পাঁচ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া দল (সি/স-০৯ আগস্ট-তা/ই) SHARES খেলাধুলা বিষয়: