কোম্পানীগঞ্জে ৫ ইউ/পি নির্বাচনে ৩ পদে ২৫১ জন প্রার্থী

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের

আগামী ১১ নভেম্বর সারাদেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সিলেটের কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (১৭ অক্টোবর) সকাল নয়টা থেকেই বিভিন্ন প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসের সামনে মনোনয়নপত্র জমা দিতে ভীড় শুরু করেন। শেষ সময় পর্যন্ত এমন উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৯ জন। যার মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২৪ জন। ২ নং পূর্ব ইসলাম পুর ইউনিয়নে ৭ জন। ৩ নং তেলিখাল ইউনিয়নে ৫ জন, ৪ নং ইছাকলসে ৭ জন, ৫ নং উত্তর রণিখাই ইউনিয়নে ৩ জন এবং ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও ৪৫টি মেম্বার পদের বিপরীতে ১৬৯ জন এবং ১৫টি সংরক্ষিত মহিলা মেম্বার পদের বিপরীতে ৫৩ জন পদপ্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল আজ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার শেষ তারিখ ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর।

(সি/স-১৮ অক্টোবর-তা/ই)