জগন্নাথপুরে গোলাগুলিতে ১০ জন আহত গ্রেফতার ১৪ Desk Desk News প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে রাতের আঁধারে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ উভয়পক্ষের ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, গত কয়েক মাস ধরে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে নাম রাখা ও না রাখা নিয়ে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উস্তার গণি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে উত্তেজনা হলেও পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুইপক্ষের লোকজন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ঢাল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় পুলিশের অভিযানে ৫টি সুলফি, ৩৯টি সুপারি গাছের শলা, ১টি ত্রিশুল, ৬টি লাঠি ও ৩টি ঢাল উদ্ধারসহ উভয় পক্ষের ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নুর আলম, ফরুক আহমদ, সুজন মিয়া, আলীনুর, শাহ আলম, জাকির আহমদ, সিজিল উল্লাহ, আংগুর মিয়া, হেলাল মিয়া, রুবেল মিয়া, নজরুল ইসলাম, মনর আলী, সফু মিয়া ও আবদুল আউয়াল। এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই আবদুস ছাত্তার বলেন, গ্রেফতারকৃতদের মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। সংঘর্ষে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। (সি/স-০২ নভেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: