দোয়ারাবাজারে প্রবাসীর বিরুদ্ধে বিজিবির মামলা

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে বিজিবি এসল্ট মামলায় এক নিরপরাধ প্রবাসীর নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে। মামলা হতে তার নাম বাদ দিতে এলাকাবাসী ও প্রবাসীর পরিবার সংবাদ সম্মেলন করেছেন।

রোববার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও গ্রামে প্রবাসী রমজান আলীর বাড়িতে সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও প্রবাসীর পরিবার বলেন, বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও গ্রামের মনামিয়ার পুত্র রমজান আলী বিগত তেরো বছর ধরে জীবনজীবিকার তাগিদে প্রবাসে বসবাস করছেন। গত ১৮ জানুয়ারি তিনি ছুটিতে দেশে ফিরেন। দীর্ঘ একযুগ পর দেশে ফেরার পরও স্বস্তিতে নেই ওই প্রবাসী। সম্প্রতি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া সীমান্তে রাতের আধাঁরে চোরাকারবারি ও বিজিবি জোয়ানদের মধ্যে সংঘটিত মারামারির ঘটনায় বিজিবি একটি এসল্ট মামলা দায়ের করে। ওই মামলায় ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সদ্য দেশে ফেরা ডুবাই প্রবাসী রমজান আলীর নামও অন্তর্ভুক্ত করা হয়। অথচ বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘটিত ঘটনার সাথে তিনি কোনওভাবে জড়িত নয়। প্রবাসী রমজান আলীর নাম অহেতুক মামলায় জড়ানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়ে প্রবাসী রমজান আলী বলেন, আমি দীর্ঘ তেরো বছর ধরে প্রবাসে শ্রমিকের কাজ করে পরিবার চালাচ্ছি। বাড়িতে এসেও শান্তিতে নেই। বিজিবি’র সাথে চোরাকারবারিদের সাথে কী ঘটনা তাও আমি জানি না। অথচ আমাকে মামলায় জড়ানো হয়েছে। আমি এ ব্যাপারে স্থানীয় বিজিবি প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে প্রবাসীর নাম কর্তন করার দাবি জানিয়েছেন, ইউপি সদস্য আলআমিন ও আবদুল কাদির এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।