সুনামগঞ্জের সাথে ছাতক-দোয়ারাবাজারের যোগাযোগ বিচ্ছিন্ন: বিপাকে সাধারণ মানুষ

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মে ২১, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অব্যাহত বৃষ্টিপাতে উজানের ঢলে সৃষ্ট বন্যায় কাবু হয়ে পড়েছন মানুষ। উপজেলা সদরের সাথে সবকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি হ্রাস পাচ্ছে না। সুরমাসহ সব নদী-নালা, হাওর, খাল-বিলের পানি ধীর গতিতে হ্রাস পেলেও দুর্ভোগ বাড়ছে চরমে। গত ৪দিন ধরে পানিবন্দী রয়েছে শতাধিক গ্রামের মানুষ। ভারি বর্ষণের ফলে ভাটিতে পানির টান না থাকায় নিম্নাঞ্চলের পানি এখনও থমকে আছে। বৃহষ্পতিবার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসাইন বন্য কবলিত এলাকা পরির্শন করেছন এবং আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা সদরের সঙ্গে বিভিন্ন ইউনিয়নের সংযোগ সড়কগুলোর অবস্থা এমনিতেই ছিল নাজুক, তার উপর লাগাতার ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার পানি না নামতেই সপ্তাহকাল ব্যবধানে ফের বন্যায় ‘মরার উপর খাঁড়ার ঘা’। এ ছাড়া অপ্রতুল ত্রাণ, বিশুদ্ধ পানীয় জলসহ মানুষ ও গবাদি পশুর খাদ্য সংকটে বানভাসিরা পড়েছেন বিপাকে। এ দিকে বন্যায় খামারিদের মাছের ঘের ভেসে যাওয়া কপাল পুড়েছে খমারীদের।

এদিকে বন্যার চতুর্থ দিনে বৃহষ্পতিবার সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্রচণ্ড স্রোতের তোড়ে ছাতক-সুনামগঞ্জ সড়কের দোয়ারাবাজার দোহালিয়ার অংশের ব্রিজটি ভেঙে গেলে জেলা সদরের সাথে দুই উপজেলার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়েগেছে। উপজেলার প্রধান প্রধান সড়কগুলো এখনও পানির নীচে থাকায় উপজেলা সদরের সাথে ৯ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার সর্বত্র বানভাসি মানুষের আহাজারি চলছে।