বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে: মন্ত্রী ইমরান আহমদ

Desk Desk

News

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মে ২১, ২০২২

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাকবলিত মানুষের মাঝে শনিবার (২১ মে) ত্রাণ বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। সকাল ১০টায় থানাবাজার পয়েন্টে উপজেলার ৬টি ইউনিয়নের ১২০ জন বন্যা আক্রান্তের মাঝে ত্রাণের প্যাকেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

ত্রাণ বিতরণ কালে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।

ত্রাণ বিতরণ কালে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগে দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে রয়েছেন।তিনি আরও বলেন, বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই আকস্মিক বন্যায় এলাকার রাস্তা- ঘাটসহ জনগণের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পরে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও বন্যার্তদের পুনর্বাসনের দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, গোয়াইনঘাট সার্কেল অফিসার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, উপজেলার ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ৪ নং ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান,জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ,সহ সভাপতি হুমায়ন কবির মোছাব্বির,সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস,ইয়াকুব আলী প্রমুখ।

এর আগে মন্ত্রী ইমরান আহমদ শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে কোম্পানীগঞ্জ আসেন। মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ব্যাক্তিগত সহকারী রাশেদুজ্জামান।