পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন: থানায় স্বামীর আত্মসমর্পণ

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুন ৩, ২০২২

রংপুরের পীরগাছা উপজেলায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী।

শুক্রবার (৩ জুন) ভোরে অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা শহরের বাসিন্দা মায়েন উদ্দিনের সাথে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি গ্রামের আজিজুল ইসলামের মেয়ে আয়েশা বেগমের ২৩ বছর আগে বিয়ে হয়। তাদের এক কন্যা ও এক পুত্র রয়েছে।

কিছুদিন ধরে স্বামী মায়েন উদ্দিন পার্শ্ববর্তী এলাকার ফারুখ নামে এক যুবকের সাথে তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করে আসছিলেন। তবে স্ত্রী আয়েশা বেগমে বিষয়টি অস্বীকার করলেও এ নিয়ে তাদের মাঝে মনোমালিন্য চলে আসছিলো।

বৃহস্পতিবার রাতে এ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার ভোরে মায়েন উদ্দিন তার স্ত্রী আয়েশা বেগমকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনা জানার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে ঘাতক স্বামী মায়েন উদ্দিন শুক্রবার সকালে পীরগাছা থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রংপুর সি সার্কেল সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, ঘাতক স্বামী তার স্ত্রীকে হত্যা করার কথা অকপটে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।