গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষে যুবকের রক্তাক্ত লাশ

Desk Desk

News

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২১

গোয়াইনঘাট প্রতিনিধি:-সিলেটের গোয়াইনঘাটে এক প্রবাসীর স্ত্রীর বসতঘর থেকে ময়নুল ইসলাম (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ময়নুল ইসলাম একই গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

বুধবার (২৮ জুলাই) রাতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকইর (যথানাথা) গ্রামের দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের বসতঘর থেকে ময়নুল ইসলামের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসবাদের জন্য সাফিয়া বেগমকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার যথনাথা গ্রামের প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের বসতঘরে এক যুবকের লাশ পড়ে আছে বলে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব ঘটনাস্থলে গিয়ে ময়নুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্নসহ তার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

পরে প্রাথমিক সুরতহাল শেষে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ময়নুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখনও কিছু জানতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, ঠিক কী কারণে ময়নুল ইসলামকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। হত্যার মূল রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় সাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

(সি/স-৩০ জুলাই-তা/ই)