ধর্মপাশার মধ্যনগরে এক কৃষককে প্রাণনাশের হুমকি দিলেন চিহ্নিত এক মাদকব্যবসায়ী,থানায় জিডি

Desk Desk

News

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

 

মোবারক হোসেন :- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে মাদকব্যবসায়ী গোপাল চন্দ্র তালুকদারের (৩৬) বিরুদ্ধে একই গ্রামের কৃপেশ পুরকায়স্থ (৪০)নামের এক কৃষককে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে একই গ্রামের বীরেশ্বর তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গত রোববার উপজেলার মধ্যনগর থানায় জিডি করেছেন ভুক্তভোগী কৃষক কৃপেশ পুরকায়স্থ।
মধ্যনগর থানায় ওই কৃষকের করা জিডি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্র তালুকদার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। চলতি বছরের ২৬জুলাই এক কেজি গাঁজা ও ১২টি ইয়াবাবড়িসহ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে মধ্যনগর থানা পুলিশ।পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এই মামলায় আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে গত ২৬আগস্ট তিনি নিজ বাড়িতে আসেন। গত শনিবার রাতে রাঙ্গামাটি গ্রামের বীরেশ্বর তালুকদারের বাড়িতে বিয়ের অধিবাস অনুষ্ঠান চলছিল। একই গ্রামের বাসিন্দা হওয়ায় দাওয়াত পেয়ে সেখানে আসেন কৃষক কৃপেশ পুরকায়স্থ এবং মাদকব্যবসায়ী গোপাল চন্দ্র তালুকদারসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। ওইদিন রাত পৌনে দশটার দিকে কৃপেশকে ওই বিয়ের অনুষ্ঠানে দেখতে পেয়ে মাদকব্যবসায়ী গোপাল উত্তেজিত হয়ে তাঁকে উদ্দেশ্য করে বলেন, কৃপেশ, তুই আমারে পুৃলিশ দিয়া ধরাইয়া দিছিলি। আমি অহন বাড়িতে আইছি। কয়দিনের মধ্যেই তোরে আমি শেষ করাম। তোর কেউ বাপ থাকলে কইছ হিরাইতো? এ কথা শুনে কৃপেশ ওই বিয়ের অনুষ্ঠানস্থল থেকে দ্রুত চলে যান।
কৃপেশ পুরকায়স্থ বলেন, আমি তাঁকে পুলিশের কাছে ধরিয়ে দিইনি। আমি তাঁকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করেছি এমন মিথ্যে সন্দেহ করে সে আমাকে শনিবার রাতে বিয়ের অনুষ্ঠানে আসা লোকজনদের সামনে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।এমতাবস্থায় কখন কী ঘটে যায় সেই আশঙ্কায় আমি ও আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে রোববার আমি মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
অভিযুক্ত গোপাল চন্দ্র তালুকদারের সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এক কৃষককে প্রাণ নাশের হুমকি দেওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে দ্রুত ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(সি/স-০২ সেপ্টেম্বর-তা/ই)