পাপিয়া দম্পতির বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

সিলকো ডেস্ক:-জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।

তিনি বলেন, অবৈধভাবে ছয় কোটি চব্বিশ লাখ আঠার হাজার সাতশ আঠার টাকার সম্পত্তি অর্জন ও ভোগের অভিযোগে গত বছরের আগস্টে তাদের পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পান দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ। তিনি যথারীতি তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিয়েছেন।

তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি আরও বলেন, পাপিয়া দম্পতির অর্জিত পাঁচ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকা জ্ঞাত আয়-বহির্ভূত অবৈধ সম্পদ বলে প্রতীয়মান হওয়ায় দুদক আইনের ২০০৪ এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ কারণে কমিশন তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয়।

গত বছরের ২২ ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব।

এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

ওইদিন রাতেই পাপিয়ার নরসিংদীর বাসা এবং পরদিন ২৩ ফেব্রুয়ারি ভোরে হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকড প্রেসিডেন্সিয়াল স্যুইটে অভিযান চালানো হয়। এছাড়া ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডের রওশন’স ডমিনো রিলিভো নামের বিলাসবহুল ভবনে তাদের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র‍্যাব। এর পরদিন পাপিয়াকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

(সি/স-১১ ফেব্রুয়ারি-তা/ই)