দাঁড়ি কাটার প্রস্তাবের প্রতিবাদে সিলেটে আড়ং শো-রুমের সামনে প্রতিবাদ

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১

মুখে দাঁড়ি থাকায় আড়ংয়ে চাকুরী না দেয়ার প্রতিবাদে সিলেটে আড়ংয়ের আউটলেট শাখার সামনে অবস্থান কর্মসূচী পালন করেছেন সিলেটের সচেতন আলেমরা।

আজ সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় নগরীর জেলরোডস্থ আড়ং শো-রুমের সামনে ‘সিলেটের সচেতন আলম সমাজ’ এর ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর অন্যতম সুন্নত দাঁড়ির ব্যাপারে হটকারী সার্কুলার নীতি বাতিলের দাবি জানিয়ে বক্তারা সিলেটসহ সারাদেশে আড়ং এর সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে বয়কটের আহবান জানান।

সচেতন আলেম সমাজের সমন্বয়ক কাতিব মিডিয়ার সম্পাদক এনাম বিন সিদ্দিকের সভাপতিত্বে ও মাওলানা আহমদ যাকারিয়ার সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে সংহতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, মাওলানা আব্দুল্লাহ মাইমুন, মাওলানা সাইফ রহমান, মাওলানা লুকমান হাকিম, মাওলানা লুৎফুর রহমান, সাংবাদিক আতিকুর রহমান নগরী, শাহ ইমরান আহমদ, আবু সালেহ আরিফ প্রমুখ।

বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে আড়ং কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান।

অবস্থান কর্মসচী থেকে আগামী শুক্রবার জুমার বয়ানে দাঁড়ির গুরুত্ব ও ফযিলত নিয়ে বয়ানের জন্য ইমাম-খতিবদের সাথে মতবিনিময়, সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশ ট্যাগের মাধ্যমে ‘#বয়কট_ আড়ং’ লেখে প্রতিবাদ করা, আড়ং বয়কটের জন্য সচেতনাবৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্রের মাধ্যমে লিফলেট বিতরণ কর্মসূচী ঘোষণা করা হয়।

এদিকে অবস্থান কর্মসূচী শেষে সিলেট আড়ং শো-রুমে সচেতন আলেম সমাজের একটি প্রতিনিধি দল যোগাযোগ করতে গেলে তাদের পক্ষ থেকে নিয়োগের ব্যাপারে অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে মর্মে লিখিত বক্তব্য দেয়া হয়।

 

দাঁড়ি কাটার প্রস্তাবের প্রতিবাদে সিলেটে আড়ং শো-রুমের সামনে প্রতিবাদ

নিম্নে আড়ং এর বক্তব্য হুবহু তুলে ধরা হল-
তারিখঃ ১৫.০৩.২০২১
সম্প্রতি ফেসবুকে প্রকাশিত আড়ং এর একটি ইন্টার্ভিউ বোর্ডে উপস্থিত একজন চাকুরী প্রার্থীর অভিজ্ঞতা সম্পর্কিত ভিডিও এর প্রসঙ্গে আড়ং এর বক্তব্য
সম্প্রতি আড়ং এর একটি ইন্টার্ভিউ বোর্ডে উপস্থিত একজন চাকুরী প্রার্থীর নেতিবাচক অভিজ্ঞতার ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক এবং এটি নিঃসন্দেহে আমাদের মূল্যবােধের পরিপন্থী।

আড়ং বয়স, বর্ণ, ধর্ম, লিঙ্গ, অক্ষমতা বা জাতিগত উৎস নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারগুলাে সমুন্নত রাখে। আমাদের নিয়ােগের সিদ্ধান্তে ধর্মীয় বিশ্বাস ও পালনকে কখনই বিবেচনা করা হয় না। আমাদের প্রতিষ্ঠানে ৩৮০০ জনেরও বেশি কর্মী রয়েছে এবং সকল ধর্মের কর্মীবৃন্দ শ্ৰদ্ধার সাথে এবং প্রকাশ্যে তাদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালন করেন।

আমাদের ভবিষ্যতের ইন্টার্ভিউ বোর্ডগুলোর পরিচালনায় আমাদের মূল মূল্যবােধগুলাের প্রতিফলন নিশ্চিত করতে আমরা নিবিড়ভাবে কাজ করবাে এবং ইন্টার্ভিউ বোর্ড সংশ্লিষ্টদের শিষ্টাচারের বিষয়ে সংবেদনশীলতা আনতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবাে।
সেই সকল চাকুরী প্রার্থীরা যারা মনে করেন আমাদের কোন একটি ইন্টার্ভিউ বোর্ডে যে কোনও বিষয়ে তারা যথাযথ ভাবে পরিক্ষিত হননি তারা আমাদের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপকের সাথে যােগাযােগ করতে পারেন।

যােগাযােগের ইমেইলঃ johan.ahmed@brac.net ।
ধন্যবাদান্তে
মােহাম্মদ আশরাফুল আলম
চিফ অপারেটিং অফিসার
ব্র্যাক-আড়ং