সিলেটে আটক ৭ বাম রাজনৈতিক কর্মী মুক্ত Desk Desk News প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বিরোধী মিছিল থেকে আটক বাম সংগঠনের নেতাকর্মীরা সকলেই মুক্ত হয়েছেন। বুধবার রাত ৯টার সময় সিলেট কোতোয়ালী থানা থেকে ছাড়া পান নেতারা। এসময় বাম সংগঠনের নেতৃবৃন্দ তাদের বরণ করে নেন। সাত নেতার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ। এর আগে বুধবার (২৪ মার্চ) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় বাম সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের লাঠিচার্জ ও দুপক্ষের সংঘর্ষের পর ৩ নারীনেত্রী ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক উজ্জ্বল রায়সহ সাতজনকে আটক করে পুলিশ। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ব্যানার ছিঁড়ে ফেলে। বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পর্ষদের সদস্য প্রনব জ্যোতি পাল জানান- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমন ঠেকাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী চলছে বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের পক্ষ থেকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান প্রনব জ্যোতি পাল। এদিকে, মোদীর আগমনের বিরোধীতা করে বাম গণতান্ত্রিক জোটের কর্মীরা বিকেল সোয়া ৪টার দিকে শহিদমিনারের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ অবরোধ সরানোর সময় বাম জোটের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ। তিনি বলেন, ‘এ সময় বাম জোটের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে মোদীবিরোধী ও সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। তখন আমাদের পুলিশ সদস্যরা অবরোধ সরানোর চেষ্টা করে। কিন্তু তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়।’ (সি/স-২৫ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: