প্রানিসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের আসল রহস্য ফাস

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মে ২২, ২০২১

 

নাজিরপুর উপজেলা প্রতিনিধি:-পিরোজপুর-১ (নাজিরপুর, সদর ও নেছারাবাদ) আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের রহস্য উন্মোচন হয়েছে। এ ঘটনায় নাজিরপুর, নেছারাবাদসহ পৃথক ৩টি মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, সম্প্রতি প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীসহ বিভিন্ন অভিযোগ তুলে কয়েকজন নারী-পুরুষকে দিয়ে একটি ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় মন্ত্রীর ছোটভাই একটি জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশক নুরে আলম সিদ্দিকী শাহিন তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় গোয়েন্দা পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে (বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক) পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের সচীন মজুমদারের ছেলে সুব্রত মজুমদার টুপাই (৩৫), একই উপজেলার উত্তর জয়পুর গ্রামের রানী মণ্ডল (৪০), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার দাইতমণ্ডল গ্রামের সোবাহান ভুঁইয়ার মেয়ে সীমা আক্তার (৩৯), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর আব্দুস সত্তারের মেয়ে সাথী আক্তারকে (৪১) গ্রেফতার করেছে।

জানা গেছে, ওই ভিডিওতে সীমা আক্তার ও সাথী আক্তারের কপালে সিঁদুর ও হাতে শাখা পরিয়ে হিন্দু পরিচয়ে মন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করা হয়েছে।

(সি/স-২২ মে-তা/ই)