দোয়ারায় একই কাজে দুই প্রকল্প, এলাকাজুড়ে মিশ্রপ্রতিক্রিয়া

Desk Desk

News

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

মোঃ আলা উদ্দিন: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূরউদ্দিন আহমদ ফের আলোচনায় উঠে এসেছেন। একই কাজে দুই প্রকল্প দেখিয়ে সরকারি বিল উত্তোলন করতে গেলে এলাকাজুড়ে শুরু হয়েছ মিশ্রপ্রতিক্রিয়া। ইতোপূর্বে তিনি সরকারি চাল পাচারে অভিযুক্ত হয়ে জেলহাজত ফেরতের পর স্থানীয় নরসিংপুর বাজারে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নিজের দলবল, লাঠিয়াল দিয়ে দোকানপাট ভাঙচুর এবং একাধিক তুঘলকি কাণ্ড ঘটিয়ে বেশ আলোচনায় আসেন। এবার স্থানীয় নেতরছই ইবতেদায়ী মাদ্রাসার বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজে দুই প্রকল্পে সরকারি বরাদ্দের টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনের সময় ইউপি চেয়ারম্যান নূরউদ্দিন আহমদ নেতরছই ইবতেদায়ী মাদ্রাসায় এক জনসভায় প্রতিশ্রুতি দেন তিনি নির্বাচিত হন বা না হন ভোটের পর মাদ্রাসার বাউন্ডারি করে দেবেন। প্রতিশ্রুতি অনুযায়ী কিছুদিন পর বাউন্ডারির কাজ শুরু করেন। কিন্তু কাজ সমাপ্তির পর সেখানে এডিপি’র নেম ফলক লাগিয়ে দেওয়ায় এলাকাজুড়ে সুরগুল শুরু হয়। খতিয়ে দেখা যায়, মাদ্রাসা বাউন্ডারির কাজ শেষ হওয়ার মধ্যেই তিনি ওই কাজের টিআর প্রকল্পের ২ লাখ ২৫ হাজার টাকা উত্তোলন করে ফেলেছেন। এরইমধ্যে একই কাজে এডিপি প্রকল্পের ৩ লাখ ৫২ হাজার ৯শ’ টাকার নেম ফলক বসিয়ে দেন। একই কাজে দুই প্রকল্পের বিষয়টি নিয়ে শুরু হয়েছে টানা হেঁচড়া। প্রশাসনের চাপে চেয়ারম্যান এখন এডিপির নেমপ্লেট তুলে টিআর প্রকল্পের নেমপ্লেট লাগানোর চেষ্টা করছেন বলে জানাগেছে।
সরজমিন এলাকায় গেলে স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন বলেন, চেয়ারম্যান এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন ব্যক্তিগত মাদ্রাসার বাউন্ডারি ওয়াল নির্মাণ করে দিবেন। কিন্তু এখন দেখা যায় তিনি সরকারি প্রকল্প থেকে টাকা তুলছেন। কাজ করলেন টিআর প্রকল্পের নেমপ্লেট লাগিয়েছেন এডিপি প্রকল্পের। চেয়ারম্যান আমাকে স্বাক্ষর দিতে বললে আমি দিইনি।

নেতরছই গ্রামের হাজী আবদুল জলিল বলেন, চেয়ারম্যান মিটিং করে বলছেন নিজ উদ্যোগে বাউন্ডারি করে দেবেন। কিন্তু এখন শুনছি এই কাজের জন্য তিনি দুইটি প্রকল্প করেছেন।
একই গ্রামের চমক আলী বলেন, চেয়ারম্যান নিজে কাজ করে দেওয়ার কথা বলে তিনি একই কাজে দুই প্রকল্পের সরকারি বরাদ্দ তুলেছেন।

নেতরছই ইবতেদায়ী মাদ্রাসার ম্যানিজিংকমিটির সভাপতি মাওলানা বদরুল মাদানি বলেন, চেয়ারম্যান সাহেব প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছেন। কিন্তু দুটি প্রকল্প নিয়ে এখন কথাবার্তা হচ্ছে। কাজের খরচ বাদে অবশিষ্ট টাকা মাদ্রাসা তহবিলে জমা দেওয়ার অনুরোধ জানাই।

সত্যতা জানতে চাইলে নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূরউদ্দিন আহমদ বলেন, টিআর প্রকল্পের বরাদ্দে সংকুলান হয়নি তাই একই কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এডিপির প্রকল্প বরাদ্দ নিতে হয়েছে। কিন্তু এলাকাবাসী অভিযোগ করার কারণে এডিপির প্রকল্পের অর্থ এখন স্থগিত রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ বলেছেন, এই কাজ টিআর প্রকল্পের। চেয়ারম্যান প্রকল্পের কাজ শেষ হওয়ার পর ছবিসহ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন।