অতিরিক্ত সচিবের পক্ষে সাফাই গেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২১

সাংবাদিক রোজিনা ইসলাম গোপনে রাষ্ট্রীয় নথি নিয়ে যাচ্ছিলেন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন সচিবালয়ে রোজিনাকে কোনও ধরণের শারীরিক নির্যাতন করা হয়নি। বরং রোজিনা একজন অতিরিক্ত সচিবের উপর হামলা করেছিলো।

আজ মঙ্গলবার (১৮ মে) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

একজন অতিরিক্ত সচিব সাংবাদিক রোজিনার গলা চেপে ধরেছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে। তবে আমি এ বিষয়ে জিজ্ঞাসা করেছি। তিনি একজন অতিরিক্ত সচিব। আমাকে তিনি টেলিফোনে বলেছেন, তিনি রোজিনাকে শারীরিক নির্যাতন করেননি। বরং রোজিনা তার উপর হামলা করেছিলো। ঘটনার পর রোজিনাকে যখন আটকানোর চেষ্টা করা হয় তখন তিনি ওই অতিরিক্ত সচিবকে খামচি দিয়েছেন, থাপ্পড় মেরেছেন। এরপর পুলিশ আসলে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সাংবাদিক রোজিনার পূর্বের কোনও সংবাদের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি না বলে সরকারি ফাইল নিয়ে যাচ্ছিলেন। সেগুলোর ছবি তুলছিলেন। অনুমতি ছাড়াই ওই রুমে প্রবেশ করেছেন। এগুলো রাষ্ট্রীয় গোপন বিষয়। তিনি অন্যায় করেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জাহিদ মালেক আরও বলেন, ‘সাংবাদিক রোজিনাকে কোনও ধরণের শারীরিক নির্যাতন করা হয়নি। নির্যাতনের তথ্য সঠিক নয়। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। সাংবাদিক রোজিনা যে কাজটি করেছেন তা উচিত হয়নি। তিনি অন্যায় করেছেন।’

কোনো নির্দোষ লোক সাজা পাক এটা তিনি চান না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ক্ষতি হোক এরকমটা আমরা চাই না। তিনি অপরাধ না করে থাকলে আইনের মাধ্যমেই তা প্রমাণ হবে। আমরা সব সাংবাদিকদের সম্মান করি। আমরা সাংবাদিকদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। আমার বাসার দরজায় আসলেও আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি।’

(সি/স-১৮ মে-তা/ই)