পুলিশি নির্যাতনে আসামী মৃত্যুর অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধ

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

 

সিলকো ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়া (৩৫) নামে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া উজির মিয়া উপজেলার শত্রুমর্দন গ্রামের বাসিন্দা।

জানা যায় শান্তিগঞ্জ উপজেলা এলাকায় চুরি মামলার জিজ্ঞাসাবাদের জন্য উজির নামের একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে থানায় নির্যাতন করা হয়। আজ সোমবার সকালে উজির মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেলে ওইদিন দুপুরে উজির মিয়াকে পুলিশ নির্যাতনে মারার অভিযোগে সড়ক অবরোধ ও মানববন্ধন করে এলাকাবাসী।

মৃত্যুর পর সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুপুর থেকে এখন অব্দি সুনামগঞ্জের সাথে সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে, শান্তিগঞ্জ থানার এসআই দেবাশিষের ফাসির দাবিতে বিক্ষোভ চলছে।

আসামির মৃত্যুর বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আসামিকে আটক করা হয়েছিলো ৯ ফেব্রুয়ারি একদিন হাজতে রেখে পরে কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হলে ১১ তারিখে সে জামিনে মুক্ত হয়ে বাড়ি চলে যায় এরপর কোন একদিন হয়তো সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল কিন্তু আজকে সকালে নাকি তার মৃত্যু হয়েছে বিষয়টি জানলাম। তবে এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না আমরা খোঁজ নিচ্ছি।