সিলেটে ওমান প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার: শিশু সন্তান উদ্ধার

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

সিলেট নগরীর বালুচর এলাকা থেকে আফিয়া বেগম (৩০) নামে এক ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাসার তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ঘরের ভেতর থেকে ওই নারীর দুই বছর বয়সী শিশু সন্তানকে (মেয়ে) উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহত আফিয়া বেগম গোয়াইনঘাট উপজেলার আজির উদ্দিনের মেয়ে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের বালুচরে ফোকাস-৩৬৪ সিকান্দর মহলের পাঁচতলার বাসার নিচতলায় মেয়েকে নিয়ে থাকতেন ওমান প্রবাসীর স্ত্রী আফিয়া বেগম। মঙ্গলবার রাতে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সন্দেহ হয়। এসময় বাসার দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে খাটের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, দরজার তালা ভেঙে খাটের ওপর থেকে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশেই পড়েছিল তার কন্যা শিশুটি। কাছে গিয়ে দেখতে পাই শিশুটি নিঃশ্বাস নিচ্ছে। তাৎক্ষণিক তাকে হাসপাতালে পাঠাই, বাচ্চাটি জীবিত আছে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্তত দুই দিন আগে ওই নারীকে খুন করেছে। হাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখা গেছে। বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে বাসায় চুরি-ডাকাতির কোনো আলামত মেলেনি। বাসার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।