দোয়ারাবাজারে সালিশ বৈঠকে দু’পক্ষের মারামারি Desk Desk News প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: মোঃ আলা উদ্দিন । দোয়ারাবাজারে সালিশ বৈঠকে কথা-কাটাকাটির জেরে বিবাদমান দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্য নুরুল ইসলাম (৬২) সহ উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষের লোকজনই দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ইউপি সদস্য নুরুল ইসলামের ভাতিজা এবং অপর পক্ষের মির্ধারপাড়া গ্রামের আহম্মদ আলীর পুত্র অটো রিকশা চালক আফিজ আলীর সঙ্গে রাস্তা ক্রসিং নিয়ে বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় শনিবার সকালে স্থানীয় বাংলাবাজারে এক বিচার সালিশ বৈঠকে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মারামারির ঘটনা ঘটে। ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সালিশ চলাকালে প্রতিপক্ষ আগে থেকে প্রস্তুত থাকা দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে আমি এবং আমার পুত্র, ভাতিজার ওপর অতর্কিতে হামলা চালিয়ে বেধড়ক মারধর করতে থাকে। এক পর্যায়ে তারা আমাকে এবং আমাদের লোকজনকে প্রাণনাশের হুমকি ধমকি দিতে থাকলে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাদের কবল থেকে আহত অবস্থায় আমাদের উদ্ধার করে এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অটোরিকশা চালক হাফিজ আলী বলেন, শুক্রবার ইউপি সদস্যের পুত্র-ভাতিজা মোটরসাইকেল যোগে চোরাই মালামাল নিয়ে যাওয়ার সময় রাস্তা ক্রসিংকালে হর্ণ বাজানোকে কেন্দ্র করে আমাক মারধর করে। শনিবার সালিশ বৈঠকে কথা-কাটাকাটি হয়। জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, দু’পক্ষই লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। SHARES অপরাধ বিষয়: